
কোম্পানির অপরাধের ক্ষেত্রে কারাদণ্ডের বিধান বাতিল করে কেবল অর্থদণ্ডের ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগে কোম্পানির মাধ্যমে সংঘটিত অপরাধে কারাদণ্ডের বিধান থাকলেও তা তুলে নেওয়া হয়েছে এবং এখন শুধু আর্থিক জরিমানার বিধান থাকবে। এর ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ আরও অনুকূল হবে এবং বিদেশি বিনিয়োগকারীরা বেশি আগ্রহী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, তথ্য উপাত্ত সুরক্ষা সংশোধন খসড়া ২০২৬, বাংলাদেশ শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ ২০২৬ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে, পাশাপাশি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ ২০২৬ নীতিগত অনুমোদন লাভ করেছে। তিনি জানান, ডাটা প্রটেকশন আইনে বড় পরিবর্তন এনে ডাটা লোকালাইজেশনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে এবং তা কেবল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সীমাবদ্ধ রাখা হয়েছে। শিল্পকলা একাডেমীর কাঠামোতেও পরিবর্তন এনে বিভাগের সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে এবং বোর্ডে নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নতুন বিধান যুক্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক একটি হত্যাকাণ্ড প্রসঙ্গে উপ প্রেস সচিব জানান, পুলিশ মামলা করেছে এবং অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।